মহম্মদপুরে চেয়ারম্যান পদ ফেরত পেলেন আওয়ামী লীগ নেতা

ফন্ট সাইজ:

সরকারের পট পরিবর্তন ও ২০২৪ সালের ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হওয়ায় জামিন জটিলতা ও নানা সমস্যার পর অবশেষে হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেলেন মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মো. তৈয়বুর রহমান তুরাপ। দীর্ঘ দুই বছর পর মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অফিস শুরু করেছেন তিনি।

হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদে পুনর্বহাল হওয়ার পর সোমবার সকালে তিনি পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। জানা যায়, ২০২৪ সালের ৪ঠা আগস্ট মহম্মদপুর উপজেলা সদরে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে আহাদ ও সুমন নামে দুই ছাত্র নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তৈয়বুর রহমান তুরাপকে আসামি করা হলে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয়। মামলায় জামিন নেয়ার পর চেয়ারম্যান পদ ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট পিটিশন করেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ১লা জানুয়ারি হাইকোর্ট তাকে নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মাগুরার জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদ এ সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ জারি করেন। এরপর থেকেই তৈয়বুর রহমান তুরাপ নিজ বাড়িতে থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে আদেশ পাওয়ার প্রায় ছয়-সাত মাস পর সোমবার প্রথমবারের মতো তিনি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে অফিস শুরু করেন।

এদিকে দীর্ঘদিন পর চেয়ারম্যানের পরিষদ কার্যালয়ে ফেরাকে ঘিরে স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তুরাপ মানবজমিনকে বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী আমি পুনরায় নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন পর আজ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অফিস করেছি। এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি, নির্বিঘ্নেই দায়িত্ব পালন করছি।