কুমিল্লার দেবিদ্বারে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফারুকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার বিকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পৈরাংকুল আব্দু মার্কেট এলাকায় ‘অত্র এলাকার সর্বসাধারণ’-এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন অসহায় ও বাকপ্রতিবন্ধী নারীর ওপর এ ধরনের নির্যাতনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক আত্মগোপনে রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধনে ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাছির, মো. সোহেল, মো. হাসেম, সাইফুল ইসলাম ছোটন, মো. রেহান উদ্দিন, মো. নাসির উদ্দিন ও খাইরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন এবং সংহতি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্ত ফারুককে দ্রুত গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয়দের অভিযোগ, গত ৩০শে আগস্ট সন্ধ্যায় পৈরাংকুল কোনাহাটি এলাকায় ওই বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হন। ঘটনার পর স্থানীয় একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তারা। পরে এলাকাবাসীর প্রতিবাদের মুখে অভিযুক্ত ফারুক পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
