রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

ফন্ট সাইজ:

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কর্মচারী কলোনির বাসিন্দা মো. ফজল করিম (৩৬)কে ডাকাতি সংঘটনের অপরাধে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে মিরাজুল ইসলাম রনি (২৬)কে চুরি সংঘটন এবং বসতঘরে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বাবু চাকমা (৪৫), অমর বিকাশ চাকমা (৩৫), মো. নুরুল আলম (৩৯), নান্টু কুমার রুদ্র (৪০), মিজান উদ্দিন চৌধুরী (৩৬), পাঞ্জু মল্লিক (৫৪), প্রিয় জীবন চাকমা (১৯) ও পুলক দেব (৪৫)কে মাদকসেবন এবং মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সিলেটিপাড়া এলাকার বাসিন্দা মিরাজ মিয়া (৪৭)কে সিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।