বিদ্যুৎ-জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

ফন্ট সাইজ:

বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। সোমবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর। প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. জাহাঙ্গীর বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না।

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংকট রয়েছে। এর ফলে শিল্প-কলকারখানা বন্ধ হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাজশাহীর ফুটপাথ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ তুলে ধরেন। তারা চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে এডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার একের পর এক নতুন সমস্যা সৃষ্টি করছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তির থাবা দেয়ার সুযোগ থাকতো না। কিন্তু আধিপত্যবাদী শক্তিকে সুযোগ দেয়ার কারণে সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করছে এবং এর ফল হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে। তিনি বলেন, সংসদ অধিবেশন চলছে। জনগণের এসব সমস্যা নিয়ে সংসদে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেয়া প্রয়োজন ছিল। অথচ সরকার মন্ত্রিপরিষদে পরিবর্তন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে ব্যস্ত রয়েছে। দেশপ্রেমিক নেতৃত্বকে বাদ দিয়ে আধিপত্যবাদী শক্তির দালালি করতে পারে এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।