লাউয়াছড়া বন থেকে সেগুন গাছ চুরি

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া সংলগ্ন শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রধান সড়কের পাশ থেকে বিশাল একটি সেগুন গাছ চুরি হয়েছে। গতকাল ভোররাতে বন থেকে এই গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা। প্রায় ৭ ফুট বেড়ের এই গাছটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা হবে বলে ধরাণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বনবিভাগের কিছু অসাধু বন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে মূল্যবান এই গাছটি পাচার করা হয়েছে। ভানুগাছ বাজারের এক পথচারী জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি হলুদ রঙের ‘ডায়না’ ট্রাক প্রচণ্ড গতিতে উপজেলা চৌমুহনীর দিকে যেতে দেখা যায়।

ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটির ওপর লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বসা ছিল। এ ছাড়া গাড়িটির ঠিক সামনে মোটরসাইকেলে চড়ে দু’জনকে পাহারা দিয়ে যেতে দেখেছেন তিনি। বনবিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জানকিছড়া গেটে দায়িত্বে ছিলেন সিপিজি সদস্য বাবুল। অন্যদিকে লাউয়াছড়া প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশরীরে উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে সড়কের পাশ থেকে বিশাল গাছটি কেটে নিয়ে গেল চোরচক্র, সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি এ কর্মকর্তার কাছ থেকে। শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, চুরি হয়ে যাওয়া সেগুন কাঠ উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। চুরির সঙ্গে বনবিভাগের ভেতরের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।