স্কুল থেকে খাবার কিনতে গিয়ে দোকানের ভেতর ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক মুদি দোকানদারের বিরুদ্ধে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার এবং অভিযুক্ত দোকানদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পারইল বাজারে এ ঘটনা ঘটে। আটক মোজাম্মেল হক মজা উপজেলার পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে যায় ওই শিশু। সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের পাশে মোজাম্মেল হক মজার মুদি দোকানে খাবার কিনতে যায় সে। এ সময় বৃদ্ধ কৌশলে দোকানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। একইসঙ্গে অভিযুক্ত দোকানদারকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, খবর পেয়ে মোজাম্মেল হক মজাকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
