পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার একটি ফিশিং বোটে বজ্রপাতের ঘটনায় সাকিব (২৩) ও ইমন (২৪) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বোটের মাঝিসহ আরও তিনজন আহত হয়েছেন। গত রোববার বিকাল ৪টার দিকে উপজেলার মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব ও ইমন দু’জনই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা। সাকিব ওই গ্রামের শহিদ শিকদারের ছেলে এবং ইমন হাবিব খাঁর ছেলে। স্থানীয়ভাবে জানা যায়, সুমন খাঁর মালিকানাধীন একটি ফিশিং বোটে সাকিব, ইমনসহ পাঁচ জেলে সকালে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে যান। পরে বিকাল সাড়ে ৩টার দিকে মায়ারচর সংলগ্ন এলাকায় জাল ফেলার সময় হঠাৎ বোটটির উপর বজ্রপাত হয়। এতে সাকিব ও ইমন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। বজ্রপাতে বোটের মাঝি সুমন খাঁ এবং জেলে নিবির ও নিপু আহত হন। পরে অন্য একটি বোট এসে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। বোটের মালিক ও নিহত ইমনের বড় ভাই সুমন খাঁ বলেন, সকাল ১০টার দিকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাই। বিকাল ৪টার দিকে মায়ারচরে জাল ফেলছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমি পেছনে তাকিয়ে দেখি, আমার ভাই ইমন নেই। আমরাও অসুস্থ হয়ে পড়ি। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে। রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, বজ্রপাতে দুই জেলে নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। নিহত ও আহত সবাই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় দুই পরিবারের স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
