অবৈধ মজুতকালে সার জব্দ, গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

মাগুরার শ্রীপুরে সরকারি সরবরাহকৃত রাসায়নিক সারের অবৈধ মজুতদার ও কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল শ্রীপুর থানার লাঙ্গলবন্দ ও কোদলা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা যায়। এর আগে গত ৫ই সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও শ্রীপুর থানা পুলিশ শ্রীপুরের আমলসার এলাকাস্থ শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দারের বসতবাড়ি ও গুদাম থেকে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

এ ঘটনার পর বিশেষ ক্ষমতা আইনের ধারায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিনসহ ৩ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মো. শাহীন জোয়ার্দার (৫৫) ও মো. নবাব জোয়ার্দার (৫৮)। মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সংবাদ সম্মেলনে জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারের অবৈধ মজুত ও কালোবাজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।