পাহাড়ের ঢালে সবুজ বন, নিচের মাঠে সোনালি ধান। সেই ধান ঘরে তুলে সংসারের স্বপ্ন দেখছিলেন পাহাড়ি এলাকার কৃষকরা। কিন্তু রাতের আঁধারে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির পাল পায়ের তলায় পিষে দিয়েছে তাদের সেই স্বপ্ন। কয়েকদিনের ব্যবধানে নালিতাবাড়ীর দুই এলাকায় হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে প্রায় ৪ একর আবাদি ধান।
গতকাল রাতে উপজেলার পানিহাটা ও তালতলা এলাকায় নেমে আসে একদল বন্যহাতি। কয়েক ঘণ্টা তাণ্ডব চালিয়ে ধান খেয়ে ও মাড়িয়ে প্রায় আড়াই একর ধানক্ষেত নষ্ট করে হাতির পাল। ক্ষতিগ্রস্তদের মধ্যে এমরানের ৭০ শতক, মবিনের ৬৫ শতক ও আব্দুল কাদিরের এক একর জমি রয়েছে। এর আগে ৩০শে আগস্ট দিবাগত রাতে বুরুঙ্গা-পোড়াবাড়ি মাঠে নেমে প্রায় দেড় একর ধানক্ষেত নষ্ট করে হাতির পাল। এতে আসমত আলী, মাজম, ময়েন উদ্দিন, মোতা মিয়া ও হাসমত আলীর জমি ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা জানান, হাতির আতঙ্কে রাত জেগে পাহারা দিয়েও ফসল রক্ষা করা যায়নি। তাদের দাবি, বন্যহাতির তাণ্ডব ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজে ক্ষতিপূরণ দেয়ার উদ্যোগ নিতে হবে।
