পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নবাবগঞ্জ সদর শহীদ মিনার থেকে কলাকোপা এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কায়কোবাদ চত্বর হয়ে ঢাকা-বান্দুরা আন্তঃসড়ক হয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে সমিতির জেনারেল ম্যানেজারের বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, প্রি-পেইড মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি ভোগান্তি ও আর্থিক চাপ সৃষ্টি হবে। মিটার রিচার্জ, অতিরিক্ত চার্জ ও বিভিন্ন ধরনের ফি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই সাধারণ মানুষের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। জনগণের সঙ্গে আলোচনা না করে কোনো ধরনের মিটার স্থাপন করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। বিক্ষোভকারীরা প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ, গ্রাহকবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
