কক্সবাজারে পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ইয়াবাসহ আটক ৩

ফন্ট সাইজ:

শহরের ঝিলংজার হাজীপাড়ায় পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৩৫ লাখ টাকা ও ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার শ্যালক ও একই পরিবারের তিনজনকে আটক করেছে সংস্থাটি। সোমবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটকরা হলো— আশিক মোমেন মেহেদী (২৩), সাদিয়া ফারহানা (২৩) ও সায়মন সরোয়ার (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধৃত আশিক মোমেন মেহেদী কক্সবাজার কোর্ট পুলিশের এসআই শহীদের শ্যালক। সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শামসুল আলমের পুত্র। প্রায় ৭-৮ বছর আগে ঝিলংজার হাজীপাড়ায় পুলিশ কর্মকর্তা শহীদ এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িতেই পরিবারসহ বসবাস করতো ধৃত আশিক মোমেন মেহেদী।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ কর্মকর্তা শহীদের যোগসাজশে তার শ্যালক মোমেন মেহেদী দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল। কিছুদিন আগে এই পুলিশ কর্মকর্তার বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুতের খবর পেলে স্থানীয় কিছু যুবক প্রতিবাদ জানায়। এর জের ধরে উল্টো ওই যুবকদের বিরুদ্ধে ছিনতাই মামলা দেয়ারও প্রস্তুতি নেয় পুলিশ কর্মকর্তা শহীদ।

বিষয়টি থানাকে অবগত করা হলে পুলিশ মাদক মজুতের ঘটনাটি আমলে না নিয়ে ছিনতাইয়ের মামলাটি আমলে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক সোমেন মণ্ডল জানান অভিযানে প্রাথমিকভাবে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্তে যদি ওই বাড়ির মালিক, পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায় তাকেও আসামি করা হবে।