খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর একটি দল। গত রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাবের সূত্র জানায়, একাধিক হত্যা মামলার আসামি আরমান গত কয়েকদিনের পুলিশের তৎপরতায় খুলনা ছেড়ে ফরিদপুরের বোয়ালমারীতে পরিবারসহ অবস্থান নেয়। উন্নত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে নিয়ে খুলনার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। কেএমপি’র দৌলতপুর থানায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানায় র্যাব। তার বিরুদ্ধে সম্প্রতি মসজিদের ভেতরে প্রবেশ করে মুসল্লিদের ওপর গুলির ঘটনারও অভিযোগ রয়েছে।
