বিদেশ ভ্রমণে সঙ্গে ডলার নেয়ার সীমা বাড়লো

বিদেশ ভ্রমণে সঙ্গে ডলার নেয়ার সীমা বাড়লো

ফন্ট সাইজ:

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি প্রতি পঞ্জিকা বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি-১) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণ চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের সীমা প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার ৫০ শতাংশ বহাল রাখা হয়েছে। অর্থাৎ তারা বছরে সর্বোচ্চ ৯ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবে।

তবে পুরো ভ্রমণ কোটার অর্থ নগদ ডলার হিসেবে নেয়া যাবে না। একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ বা নোট সঙ্গে রাখতে পারবেন। বাকি বৈদেশিক মুদ্রা অনুমোদিত অন্যান্য মাধ্যমে, যেমন কার্ড বা ট্রাভেলার্স চেকের মাধ্যমে নেয়া যাবে।

সার্কুলারে আরও বলা হয়, এ বিষয়ে জারি করা আগের অন্য নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে গ্রাহক ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।