অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৪ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা হলেন—অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, অ্যাটর্নী অফিসে জমা দেয়া এসব পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আবদুল জব্বার ভুঞা। এর আগে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, ডিএজি মামুন চৌধুরী এবং এএজি রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন। তারাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন নিয়োগবঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীরা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, চলমান আন্দোলন ও এর প্রভাবের কারণেও তিন আইন কর্মকর্তা পদত্যাগ করে থাকতে পারেন। তবে তাদের পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়ই উল্লেখ করা হয়েছে।
