নির্ধারিত সময়ের আগেই লন্ডন সফর শেষ করে দেশে ফিরছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। নতুন প্রদেশ ও প্রশাসনিক ইউনিট গঠনের বিতর্ক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সফর সংক্ষিপ্ত করছেন তিনি। ৮ সেপ্টেম্বর তার পাকিস্তানে ফেরার কথা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রেসিডেন্টের আরও তিন-চার দিন লন্ডনে থাকার পরিকল্পনা ছিল। কিন্তু, দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল পাকিস্তানকে ১২ থেকে ১৫টি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব দেয়ার পর নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। ক্ষমতাসীন পিএমএল-এন-এর অন্যতম মিত্র পিপিপি সিন্ধু প্রদেশ ভাগের তীব্র বিরোধিতা করে জানিয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া, রাজনৈতিক ঐকমত্য ও জনসমর্থন ছাড়া কোনো নতুন প্রদেশ তৈরি করা যাবে না। এ কারণেই তড়িঘড়ি করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জারদারি। গত ১ সেপ্টেম্বর অস্ট্রিয়ায় পাঁচ দিনের ব্যক্তিগত সফর শেষে লন্ডনে পৌঁছান প্রেসিডেন্ট জারদারি।
বিয়ের গুঞ্জন অস্বীকার বিলওয়ালের: এদিকে অস্ট্রিয়ায় বিলাওয়ালের বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার যে গুঞ্জন উঠেছিল, তা তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি জানান, ‘প্রিন্সেস গ্লোরিয়া’ নামের কাউকে তিনি চেনেন না এবং তার ব্যক্তিগত জীবনের যেকোনো সিদ্ধান্ত তার পরিবারই আনুষ্ঠানিকভাবে জানাবে।
