ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় ২৫ বছর বয়সী স্ত্রীকে হত্যা করেন স্বামী। নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর নিহতের মাথা ফ্রিজে লুকিয়ে রাখা হয়েছিল। রোববার রাতে অভিযুক্ত স্বামী আত্মসমর্পণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ পেয়ে ওই দম্পতির ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। প্রতিবেশীরা জানান, গত দুদিন ধরে ওই দম্পতিকে দেখা যায়নি এবং তাদের ফোনও বন্ধ ছিল। পরে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ ওই তরুণীর খণ্ডিত ও পচন ধরা মৃতদেহ উদ্ধার করে। তার আঙুলগুলো অর্ধেক কাটা ছিল এবং ধড়ে মাথা ছিল না। নিহত ওই তরুণীর নাম রিয়া তালুকদার।
বাড়ি তল্লাশি করে পুলিশ ফ্রিজে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে নিহতের খণ্ডিত মাথা উদ্ধার করে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক ছিলেন, তবে রোববার রাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনো এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি বা আত্মসমর্পণের পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এই ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
