অ্যালকোহলের প্রভাবে উচ্ছৃঙ্খল আচরণ, বর্ণবাদী এবং সমকামীবিদ্বেষী গালিগালাজের অভিযোগে বিমানের আসনে ‘ডাক্ট টেপ’ দিয়ে বেঁধে রাখতে হয় আমেরিকান এয়ারলাইন্সের এক যাত্রীকে। পরে তার পরিচয় প্রকাশ পেয়েছে। তিনি অ্যারিজোনার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। ৬৭ বছর বয়সী লেইন আর্থার লান্ডিনকে বৃহস্পতিবার রাতে টেক্সাসের ডালাস থেকে নিউ জার্সির নিউয়ার্কগামী একটি ফ্লাইটে সহযাত্রীরা ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখেন। এই ছবি মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ডেইলি মেইল জানায়, তার কথিত সমকামীবিদ্বেষী ও বর্ণবাদী আচরণের কারণে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬১৮-কে বাল্টিমোরের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়। সেখানে টাকসনের এই রিয়েলটরকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়। পরে অন্য যাত্রীরা আবার নিউয়ার্কের উদ্দেশে যাত্রা শুরু করেন। পরে জানা যায়, লান্ডিন টাকসনে লং রিয়েলটির একজন রিয়েলটর। বিভিন্ন প্রতিবেদনে তাকে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।
