জম্মু-কাশ্মীরের মর্যাদা নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান

জম্মু-কাশ্মীরের মর্যাদা নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান

ফন্ট সাইজ:

বিতর্কিত জম্মু ও কাশ্মীর অঞ্চলের মানচিত্র নিয়ে ভারতের দাবিকে দিয়ে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তারা একে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্যের পরিপন্থী আখ্যা দেন। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এক বিবৃতিতে বলেন, ভারতের একতরফা পদক্ষেপ এবং অব্যাহত অবৈধ দখলদারিত্ব জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত মর্যাদাকে পরিবর্তন করতে পারে না। এ খবর দিয়েছে জিও নিউজ। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলকে তাদের নিজস্ব সরকারি মানচিত্র অনুযায়ী প্রদর্শনের আহ্বান জানায়।

এর জবাবে পাকিস্তান বলেছে, জাতিসংঘের মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে যেভাবে বিতর্কিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে, সেটিই এর বর্তমান আইনি মর্যাদার একমাত্র গ্রহণযোগ্য রূপ। ভারতের তথাকথিত সরকারি মানচিত্র এবং একতরফা সার্বভৌমত্বের দাবির কোনো প্রভাব এই বিতর্কিত ভূখণ্ডের ওপর পড়বে না।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, জম্মু ও কাশ্মীর ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে থাকা সবচেয়ে পুরোনো ও অমীমাংসিত বিরোধগুলোর একটি। জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী, কাশ্মীরি জনগণের স্বাধীন ও নিরপেক্ষ গণভোটের মাধ্যমেই এই বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে এবং কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।