স্বামীর ভূয়সী প্রশংসা করলেন শ্রেয়া ঘোষাল

স্বামীর ভূয়সী প্রশংসা করলেন শ্রেয়া ঘোষাল

ফন্ট সাইজ:

স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন এ প্রজন্মের জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল। স্বামীকে পেয়ে নিজেকে ‘ভাগ্যবান’ মনে করেন জানিয়ে শ্রেয়া বলেন, শিলাদিত্য সংসারের নানা কাজ নিজেই করেন। সবসময় তাকে বাড়িতে থাকার প্রত্যাশাও কখনো করেননি। দ্য মেল ফেমিনিস্ট পডকাস্টে এসব কথা বলেছেন শ্রেয়া ঘোষাল। কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখতে একজন সহযোগী সঙ্গী থাকা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রায়ই কথা বলেছেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি তিনি স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার সমতাভিত্তিক দাম্পত্য জীবন এবং সংসারের দায়িত্ব কীভাবে ভাগ করে নেন, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন।

শ্রেয়া বলেন, আমি ভাগ্যবান, এই মানুষটিকে পেয়েছি। সে পুরো সংসারের দেখভাল করে। এমনকি সে নিজের মতো করে জীবনযাপন করতে ভালোবাসে, তাই নিজের বাসন নিজেই ধোয়, রান্নাঘরও পরিষ্কার করে। আর আমি করলে সে বিরক্ত হয়। এই গায়িকা আরও জানান, দু’জনের ব্যস্ত কর্মজীবনের কারণে সংসারের দায়িত্বও তাদের ভাগাভাগি করে নিতে হয়। কেউই সবসময় অন্যজনকে বাড়িতে থাকার প্রত্যাশা করেন না। এতে তারা পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন।

শ্রেয়া বলেন, আমরা দু’জনই সারাদিন কঠোর পরিশ্রম করি। তাই আমরা সবসময় একসঙ্গে সংসারের কাজগুলো করি। সে কখনো বলেনি, তুমি বাড়িতে নেই কেন? কখনো কখনো আমি কয়েক মাস বাড়ির বাইরে থাকি। আমরা যখন প্রেম করতাম, তখন থেকেই সে এই বিষয়ে খুব নিশ্চিন্ত ছিল। সে জানত, আমি তার পাশে থাকব। তার মধ্যে কোনো অহমিকা নেই, আমার মধ্যেও নেই। এই দিক থেকে আমরা দু’জন অনেকটা একই রকম। আমাদের বাবা-মায়েরা সবকিছু নিয়ে আলোচনা করেন। আর আমরা ধীরে ধীরে অনেক শান্ত হয়ে গেছি। আমাদের সন্তানই এখন আমাদের পুরো পৃথিবীর কেন্দ্র।

শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়ের প্রথম পরিচয় স্কুলজীবনে। ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। শ্রেয়া জাতীয় পর্যায়ে গায়িকা হিসেবে পরিচিতি পাওয়ার অনেক আগেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। শ্রেয়ার সংগীতজীবন ‘দেবদাস’ সিনেমায় অসাধারণ অভিষেকের পর দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় শিলাদিত্যের সঙ্গে তার বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। সে সময় শিলাদিত্য প্রযুক্তি খাতে নিজের ক্যারিয়ার গড়ে তুলছিলেন। প্রায় ১০ বছর তারা গণমাধ্যমের নজরের বাইরে থেকে প্রেমের সম্পর্ক বজায় রাখেন। এরপর ২০১৫ সালে তারা বিয়ে করেন। ২০২১ সালে এই দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়। তাদের ছেলের নাম দেবযান।