হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন ট্রানজিট রুট বা নৌপথ চালু করবে ইরান। এ বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে দেশটি। আগামী কয়েকদিনের মধ্যেই তেহরান আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেবে বলে জানান ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই। এ খবর দিয়েছে আল জাজিরা।
ইরানের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, ১১.৩ কিলোমিটার (৭ মাইল) চওড়া এই অস্থায়ী রুটের প্রবেশপথ এবং প্রস্থানের কিছু অংশ ইরানের জলসীমার ভেতর দিয়ে যাবে। তবে এই রুটের সুনির্দিষ্ট স্থানাঙ্ক, কবে থেকে নিরাপদে জাহাজ চলাচল শুরু হবে, টোল বা রাজস্ব কীভাবে আদায় হবে এবং নির্দিষ্ট কোনো দেশের নৌযানে নিষেধাজ্ঞা থাকবে কি না—এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অস্পষ্ট।
ঘারিবাবাদি আরও জানান, এই রুট চালুর বিষয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালি এখনই পুরোপুরি খুলে দেয়া হচ্ছে না। প্রণালিটি পুরোপুরি চালুর শর্ত হিসেবে গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে তাদের দেয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানায় ইরান। এর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে দেয়া।
