ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। গতকাল রোববার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল হালিম (৪০)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার আবদুল কাদেরের ছেলে। আবদুল হালিম সিলেট কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে গিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ১৫ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে থানার এস আই কবির হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে ২টি রেকার দিয়ে অপসারণ কাজ চালানো হয়। আড়াই ঘণ্টার চেষ্টায় সড়ক খালি করে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হয়।’
