ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষায় সারা দেশে পরিচ্ছন্নতা ও জনসচেনতা অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির বর্তমান অবস্থা এবং কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে বলেছেন। শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর কথা বলেছেন। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল তৈরি যাতে না হতে পারে, সে বিষয়ে মানুষকে আরও সচেতন করার কথা বলেছেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করার প্রধানমন্ত্রীর নির্দেশনার তথ্য জানিয়ে উপ প্রেস সচিব বলেন, তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণকে যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান চালাতে বলা হয়েছে।

বৈঠকে উপজেলা পর্যায়ের হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় ওষুধপত্রসহ বিভিন্ন সামগ্রী পর্যাপ্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়েও আলোচনা হয়, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।
উপ প্রেস সচিব বলেন, বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মাঠে এর প্রতিফলন থাকা চাই।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওদিকে বুড়িগঙ্গা, তুরাগসহ রাজধানীর চারপাশের নদী-খাল-ড্রেনের দূষণ রোধ এবং বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন এবং ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার নৌপথ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার তথ্য দিয়েছেন তার সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির। তিনি বলেন, বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্য ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে বলেছেন।

বৈঠকে এই বিষয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো সমন্বয় করে কার্যক্রম এগিয়ে নেয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

বৈঠকে স্থানীয় সরকার আবদুল মঈন খান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, নৌ বাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।