জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার প্রেসিডেন্টের

জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার প্রেসিডেন্টের

ফন্ট সাইজ:

দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে এসে রোববার বিকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে এ অঙ্গীকার করেন তিনি।
প্রেসিডেন্ট বলেন, জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করবেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি হানাহানি ও সংঘাতের রাজনীতি পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট।

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে। তবে এখন আর মারামারি, খুনোখুনি দেখতে চান না তিনি। দেশের রাজনীতিতে শান্তি ও সমঝোতার পরিবেশ দেখতে চান প্রেসিডেন্ট।
তরুণদের উদ্দেশ্যে মাদক ও নানা অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়ার তাগিদ দেন প্রেসিডেন্ট। নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্যও জেলার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগাপ্লুত প্রেসিডেন্ট বলেন, এই মাটির সঙ্গে তার জীবনের সবকিছু জড়িয়ে আছে। ঠাকুরগাঁওবাসীর ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না বলেও জানান তিনি। এর আগে রোববার দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান দেশের ২৩তম প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। সেখান থেকে সেনুয়া পারিবারিক গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

এদিকে প্রেসিডেন্টের আগমন ঘিরে পুরো ঠাকুরগাঁও জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নিজ জেলার মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে প্রেসিডেন্ট বলেন- মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক।’
এ সময় সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু খাইরুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন- দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, হুইপ আখতারুজ্জামান, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমীন ও জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।