রাজধানীর দারুসসালাম এলাকায় নিজ বাসায় জেসমিন আক্তার নামের এক গৃহবধূকে গুলির ঘটনায় তার স্বামী ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন-আহত নারীর স্বামী মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) এবং ছেলের বন্ধু মো. হাতিম মিয়া (২১)। র্যাব জানায়, ঝগড়ার পর ওই নারীকে মাতাল অবস্থায় গুলি করেন তার স্বামী নিজেই। পরে অস্ত্র লুকাতে দেন ছেলে রাকিবকে। সে অস্ত্রটি লুকাতে দেয় তার বন্ধু হাতিমকে। পরে হাতিমের বাসার ওয়্যারড্রব থেকে দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। রোববার বিকালে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় দারুসসালামের মসজিদ গলি এলাকায় নিজ বাসায় একজন নারী গুলিবিদ্ধ হন। আহত ওই নারীকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’ তিনি আরও জানান, এই ঘটনার ছায়া তদন্ত করে র্যাব জানতে পারে—ওই গৃহবধূকে গুলি করেন তার স্বামী আব্দুল মান্নান নিজেই। পরে রাত সাড়ে ৩টায় দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর আব্দুল মান্নান জানান, যে অস্ত্র দিয়ে সে তার স্ত্রীকে গুলি করেছিল, ঘটনার পর অস্ত্রটি সে তার ছেলে রাকিবের কাছে দেন অন্য কোথাও লুকিয়ে রাখার জন্য। এরপর অভিযান চালিয়ে দারুস সালাম এলাকা থেকে তার ছেলে রাকিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাকিব জানায়, অস্ত্রটি তার এক বন্ধুর বাসায় লুকিয়ে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে ওই বন্ধুর বাসায় অভিযান চালানো হয়। পরে বন্ধু হাতিমের বাসার একটি কক্ষের ওয়ারড্রোবের ভেতরে লুকানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটিই ওই গৃহবধূকে গুলি করার ঘটনায় ব্যবহৃত হয়েছিল।’
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান ওই এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। স্ত্রীকে গুলি করার কারণ সম্পর্কে জানতে চাইলে মো. হাফিজুর রহমান বলেন, ‘আব্দুল মান্নান বেশিরভাগ সময় মাদকাসক্ত থাকতেন। গত রাতেও সে মাদকাসক্ত অবস্থায় বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে মাদকগ্রহণ ও মাদকসংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে উত্তেজিত হয়ে সে তার স্ত্রীকে গুলি করেন। গুলিটি তার স্ত্রীর ডান হাতের বাহুতে লাগে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনার পর আব্দুল মান্নানের ছেলে একটি গল্প তৈরি করেছিল যে, জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা গুলি করেছে। তবে তদন্তে আমরা জানতে পেরেছি, সেটি তার বানানো গল্প। মূলত ঘটনাটি ঘরের ভেতরেই ঘটেছে এবং আব্দুল মান্নান ঘরের ভেতর থেকেই তার স্ত্রীকে গুলি করেছে।’
