যুব এশিয়া কাপ হকি মিশন বড় ধাক্কা খেলো লাল-সবুজের যুবারা। চীনের মকি ট্রেনিং গ্রাউন্ডে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের তেতো স্বাদ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এর আগে উদ্বোধনী ম্যাচে চীনের বিপক্ষে ৩-২ গোলের আক্ষেপে পোড়ে তারা।
ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল স্বস্তিদায়ক। ২১ থেকে ২৩ মিনিটের ঝড়ে দুই গোল হজম করলেও ২৪ মিনিটে আবদুল্লাহ এবং তৃতীয় কোয়ার্টারে মেহেদী হাসানের ফিল্ড গোলে ২-২ সমতায় ফেরে বাংলাদেশ। তবে শেষ কোয়ার্টারে সব হিসেব পাল্টে যায়। মালয়েশিয়ার সুজাইনি ফাহমি ৪৮ ও ৫১ মিনিটে জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন।
গ্রুপ পর্বে পাকিস্তানের পাশাপাশি চীন, মালয়েশিয়া ও কাজাখস্তানের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশ। টানা দুই হারে নকআউট পর্বের সমীকরণ জটিল হলেও, মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ থাকছে যুবাদের সামনে।
