গাড়ি রাখাকে কেন্দ্র করে সাভারে নিজ বাসার সামনে পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে আমিনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জহিরুল ইসলাম প্রাইভেটকারটির চালক ও মালিক।
ওসি মো. সাইফুল আলম বলেন, ‘পুলিশ সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মূল হোতা প্রাইভেটকার চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় আলতাফের ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হন। নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে।
নিহত আলতাফ হোসেন রাজধানীর মালিবাগ জোনে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই পদে কর্মরত ছিলেন। তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেটকার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন আলতাফ ও তার ছেলে আরিফ।
পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আলতাফ হোসেনের মৃত্যু হয়েছে।’
