মালয়েশিয়ায় ছেঁয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া থেকে আসা দূষিত ধোঁয়া

সারাওক রাজ্যের এক জেলায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় ছেঁয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া থেকে আসা দূষিত ধোঁয়া

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার পূর্বঞ্চলীয় রাজ্য সারাওকের সেরিয়ান জেলায় বায়ুদূষণ চরম ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল থেকে সৃষ্ট সীমান্ত অতিক্রমকারী ধোঁয়াশার প্রভাবেই মালয়েশিয়ার আকাশ দূষিত ধোঁয়ায় ছেয়ে গেছে।

স্থানীয় গণমাধ্যম দি স্টার অনলাইন, মালয় মেইল, ফ্রি মালয়েশিয়া টুডে এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, আল জাজিরা ও সিএনএ সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির রাজা সুলতান ইব্রাহিম বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের তীব্র ঝুঁকির কথা বিবেচনা করে সারাওকের সেরিয়ান বিভাগে জরুরি অবস্থা জারির প্রস্তাব অনুমোদন করেছেন।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সারাওকের প্রিমিয়ার এবং সংশ্লিষ্ট দুর্যোগ মোকাবেলা সংস্থাগুলোর সুপারিশ ও বায়ুমণ্ডলের দূষণ পরিস্থিতি মূল্যায়নের পরই রাজা এই চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেন।
এদিকে স্টার অনলাইন জানিয়েছে, এয়ার পলিউটেন্ট ইনডেক্স ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, সেরিয়ানে বায়ুদূষণ সূচক ৫০০-এর বিপজ্জনক সীমা অতিক্রম করে ৫১৫ থেকে ৫২১ পর্যন্ত উঠে যায়। নিয়ম অনুযায়ী, কোনো এলাকার এপিআই সূচক ৫০০ স্পর্শ করলে বা অতিক্রম করলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে ধোঁয়াশা জরুরি অবস্থা ঘোষণার বাধ্যবাধকতা তৈরি হয়।
জরুরি অবস্থা কার্যকর হওয়ার ফলে জরুরি ও আবশ্যকীয় সেবা ব্যতীত সেরিয়ান বিভাগের সমস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে সারাওকের বিভিন্ন জেলার শত শত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।
সেরিয়ানের পাশাপাশি সারাওক রাজ্যের রাজধানী কুচিং, সামারাহান এবং শ্রী আমান এলাকাতেও বায়ুর গুণমান চরম অস্বাস্থ্যকর থেকে মারাত্মক পর্যায়ে গিয়ে ঠেকেছে। দেশটির পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে না আসা ও মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে।