রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো-তানভীর আবেদীন ওরফে জুই (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) ও সজল চৌধুরী (৩১)।
মো. আকতার হোসেন বলেন, ‘গত ৩০ আগস্ট দুপুর ২টার দিকে ধানমন্ডি ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে মো. খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে ৮-১০ জনের একটি দল। ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় তানভীর আবেদীন ও মো. মজিবুর রহমানকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করা করা হয়। এরপর আটক মজিবুর রহমানের তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে তাদের দেয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের আরও পাঁচ সদস্য মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।’
মো. আকতার হোসেন বলেন, ‘অভিযানে মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।’
পলাতক ও অজ্ঞাতনামা ডাকাত সদস্যদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি ডাকাতি মামলা এবং অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
