জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। তিনি গতকাল সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম। ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই।
প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাই উচিত। হুমায়ূন কবির বলেন, কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জ্বালানি খাতকে। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ূন কবির বলেন, মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়।
অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে। আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে তিনি বলেন, বোয়িং কিনতে হবে এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।
এদিকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীতে টার্কিস এয়ারওয়েজের যাত্রা শুরু হবে বলে জানান মন্ত্রী। বলেন, সিলেট থেকে ইস্তাবুল রুটে ফ্লাইট চালু হলে বিশ্বের বিভিন্ন দেশের ট্রানজিট যাত্রীরা সুবিধা ভোগ করতে পারবেন। এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
