নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলি ও ছুরিকাঘাত করে শুভ দাস (৩০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শুভ চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।
তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান জানান, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেটের পেছনে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে।
তবে শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নিহতের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, সে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। তবে কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হল, কারা তাকে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী- এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান সদর থানার ওসি সাজেদুর রহমান।
