রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষের আবাসিক শিক্ষার্থীর মশারির উপর থেকে একটি বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে হলের ১২১ নম্বর কক্ষে সাপটির দেখা মেলে। পরে বিশ্ববিদ্যালয়ের সাপ উদ্ধারকারী সংস্থা ‘সোয়ান’-কে খবর দিলে তারা সাপটি উদ্ধার করেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাব্বি রেজা গভীর রাতে ঘুম থেকে উঠে মশারির উপর একটি সাপ দেখতে পান। পরে বিষয়টি রুমমেটদের জানালে তারা বিশ্ববিদ্যালয়ের সাপ উদ্ধারকারী সংস্থা সোয়ানকে খবর দেন।
খবর পেয়ে সংস্থাটির সদস্যরা হলে এসে সাপটি উদ্ধার করেন। সাপটি বিষধর কালাচ বলে নিশ্চিত করেছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. আল-আমিন সরকার বলেন, রাতে এক শিক্ষার্থী ঘুম থেকে উঠে মশারির উপর একটি সাপ দেখতে পায়। পরে সে রুমমেটকে জানালে বিশ্ববিদ্যালয়ের রেসকিউ টিমকে খবর দেয়া হয়। রেসকিউ টিম এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
