ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় অবস্থিত ১৫০ একর আয়তনের প্রাকৃতিক জলাভূমি ‘রাজধলা বিল’। স্বচ্ছ পানির কারণে স্থানীয়ভাবে পূর্বে এটি ধলা বিল নামে পরিচিত ছিল। কিন্তু বৃটিশ আমলে ঘাগড়ার জমিদাররা তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, প্রজাদের সঙ্গে সরাসরি যোগাযোগসহ বিভিন্ন কারণে এই বিলের মনোরম পরিবেশ লক্ষ্য করে তাদের একাংশ স্থানান্তরিত হয়ে ধলা বিলের পূর্ব দক্ষিণ দিকে তাদের বসতি স্থাপন করেন। নেত্রকোণার সুসং রাজ পরিবার (সুসং দুর্গাপুরের জমিদার) ও ঘাগড়া জমিদার পরিবারের মধ্যে বৈবাহিক ও রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল।
কথিত আছে, ঘাগড়া জমিদার পরিবারের সঙ্গে সুসং জমিদার পরিবারের বৈবাহিক সম্পর্কের জের ধরেই ঘাগড়ার জমিদাররা পরবর্তীতে ‘রাজা’ উপাধি লাভ করেন। দুটি পরিবারের বৈবাহিক সূত্রের এই ‘রাজা’ উপাধি ও ‘ধলা’ নামের সমন্বয়েই ‘রাজধলা বিল’ নামকরণের সৃষ্টি হয়। পূর্বে ধলা নামে পরিচিত বিলের জল ও পরিবেশ সংরক্ষণের কারণে এবং জমিদারদের কৌলিনতা রক্ষার্থে প্রজা সাধারণের এই বিল এর পানি ব্যবহার ছিল সম্পূর্ণ নিষিদ্ধ।
বর্তমানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাজধলা বিল। বিলের পানি সারা বছর প্রায় একই পরিমাণে অপরিবর্তিত থাকে এবং এর চারপাশের পরিবেশ মনোমুগ্ধকর। বিলের পাড়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে গড়ে উঠেছে মিনি পার্ক যেখানে শিশুরা খেলাধুলা করতে পারে। এই মিনি পার্কে সারাদিন থাকে দর্শনার্থীদের আনাগোনা বিকালে স্থানীয়দের পছন্দের জায়গা বিধায় মানুষের ভিড় বেশি হয়। বাংলাদেশের বিভিন্নপ্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বিলের সৌন্দর্য উপভোগ করতে। এই বিলের সব মাছ অত্যন্ত সুস্বাদু তবে তার মাঝেও অন্যতম হলো চাপিলা মাছ। বর্তমানে বিলে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ঢালাওভাবে মাছ ধরা নিষিদ্ধ।
রাজধলা বিলে ছোট্ট মেয়ে সিরাতকে নিয়ে ঘুরতে আসা আশরাফুন নাহার লাবন্য বলেন, রাজধলা বিলের সৌন্দর্য মনোমুগ্ধকর কিন্তু শিশুদের জন্য তৈরি করা মিনি পার্কটা আরও সুন্দর করা উচিত বলে আমি মনে করি। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, রাজধলা বিলের সৌন্দর্য বর্ধন এর জন্য আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যাতে দর্শনার্থীরা স্পিডবোট ব্যবহার করে বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তিনি আরও বলেন, রাজধলা বিলের চারপাশের রাস্তার মাঝে দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হবে, শিশুদের জন্য আরও কয়েকটি রাইডের ব্যবস্থা করা হবে।
