বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স। গতকাল বিকালে ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি’র এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদের ‘জগদ্দল পাথর’ সরিয়ে দেশে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলছে। বর্তমান বিদ্যুৎ সমস্যার জন্য বর্তমান সরকারকে দায়ী করা যৌক্তিক নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, গাড়ি নিয়ে জ্বালানি সমস্যার প্রতিবাদে পেট্রোল পুড়িয়ে লংমার্চ করা কতোটুকু যৌক্তিক, সেটি বিবেচনা করা প্রয়োজন। জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন। সার সংকট প্রসঙ্গে ইমরান সালেহ প্রিন্স বলেন, সার নিয়ে ষড়যন্ত্র চলছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম। সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
