ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ নারী-পুরুষ ও শিশু

ফন্ট সাইজ:

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৯ নারী-পুরুষ ও শিশু। শনিবার সন্ধ্যার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ৪ জন পুরুষ ৩ জন নারী ও দুইজন শিশু। ফেরত আসারা নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা আড়াই বছর আগে সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতের দমদম গিয়েছিলেন। সেখানে বাসাবাড়ি ও ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের দুই বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তারা দেশে ফেরেন। ওসি আরও জানান, ভারতফেরত ৯ নারী-পুরুষ ও শিশুকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে। জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। আগামীকাল রোববার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।