বিস্মিত দিলারা জামান

বিস্মিত দিলারা জামান

ফন্ট সাইজ:

ঢাকার শ্যামলীতে পৈতৃক বাড়ি দখল হয়ে যাওয়ার খবর নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় চরম বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে যে ঘটনাটি নিয়ে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে, তা কোনো সাম্প্রতিক বিষয় নয়; বরং প্রায় দুই দশক আগের একটি পুরনো ঘটনা। দিলারা জামান জানান, বাড়ি দখলের চেষ্টার ঘটনাটি ঘটেছিল ২০০৩-২০০৪ সালের দিকে। সে সময় তিনি ঢাকার শ্যামলী এলাকায় বাবার কাছ থেকে পাওয়া পৈতৃক বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

তৎকালীন সময়ে বাড়িটি দখলের একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সংবাদমাধ্যমে তা নিয়ে খবর প্রকাশিত হয়। পরবর্তীতে সংবাদমাধ্যমের প্রচার ও সংশ্লিষ্টদের তৎপরতায় দখলের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তী সময়ে ২০০৮ সালে শ্যামলীর সেই বাড়িটি বিক্রি করে দিয়ে তিনি পরিবারসহ উত্তরায় চলে যান এবং সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘ সময় ধরে তিনি উত্তরার নিজ ফ্ল্যাটেই অবস্থান করছেন এবং অভিনয়ের পাশাপাশি সেখানেই সময় কাটাচ্ছেন।

দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে আগে নিয়মিত যাতায়াত থাকলেও এখন আর আগের মতো যাওয়া হয় না। দুই দশক আগের একটি মীমাংসিত ঘটনা হঠাৎ করে নতুন ও আজগুবি তথ্য হিসেবে সামনে আসায় হতবাক এই অভিনেত্রী। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অযথা উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে অসত্য তথ্য ছড়ানোর আগে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান দিলারা জামান।