নতুন করে আলোচনায় মাহি

নতুন করে আলোচনায় মাহি

ফন্ট সাইজ:

ভালোবাসা মানেই কাউকে নিজের মতো করে চালানো নয়। বরং তার স্বাধীনতা আর অসম্পূর্ণতাগুলোসহ সবমিলিয়ে তাকে আপন করে নেয়া। অতিরিক্ত শাসন নয়, বোঝাপড়াই সম্পর্ককে সুন্দর করে। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘সীমানা’। জি-সিরিজের ব্যানারে প্রকাশিত এ নাটকের মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন সামিরা খান মাহি। এতে তিনি অভিনয় করেছেন মুশফিক আর ফারহানের বিপরীতে। ভালোবাসার বার্তার পাশাপাশি তাদের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। এদিকে, নাটকটির ভিউ এরইমধ্যে ৫০ লাখ ছাড়িয়েছে। নাটকটি প্রসঙ্গে মাহি বলেন, নাটকটি প্রকাশের পর থেকেই অনেক সাড়া মিলছে। অনেকে ফোনে, মেসেজে অভিনন্দন জানাচ্ছেন।

অভিনয় ও নাটকের গল্পের প্রশংসা করছেন। আমি আসলে এখন একটু বেছে কাজ করছি। তারই ধারাবাহিকতায় ‘সীমানা’ নাটকটি করা। দর্শকদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত। এদিকে, এ নাটকের বাইরে সম্প্রতি প্রকাশ্যে এসেছে নিলয়ের সঙ্গে মাহির নাটক ‘আসামী কেন স্বামী’। এ নাটকটির মধ্যদিয়েও অভিনেত্রী হিসেবে প্রশংসিত হচ্ছেন মাহি। অন্যদিকে, মাহি বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হয়েছেন। সেখানেও সময় দিচ্ছেন তিনি। তার মধ্যেই সম্প্রতি সিলনের একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি নতুন টিভিসি’র কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। টিভিসিটি দ্রুতই প্রকাশ্যে আসবে বলেও জানান মাহি।