কন্যার জন্মদিনে লুইপার ‘প্রজাপতি’

কন্যার জন্মদিনে লুইপার ‘প্রজাপতি’

ফন্ট সাইজ:

আমার মেয়ে পায়রা। এইটুকু বয়সে ওর নামের সার্থকতা রেখেছে। সে আমাদের অস্থির, উড়ালপঙ্খী জীবনে শান্তি এনেছে, স্থিরতা এনেছে আর জীবনটাকে করে তুলেছে অর্থবহ। তাই ও শুধু পায়রা না, ও একটা প্রজাপতি। একটা রঙিন প্রজাপতি। তাই ৫ই সেপ্টেম্বর তার জন্মদিনে প্রজাপতি গানটা তাকে উপহার দিলাম। এভাবেই কথাগুলো বলছিলেন দেশের সুকণ্ঠী গায়িকা জিনিয়া জাহান লুইপা। তার ছোট্ট কন্যা পায়রাকে নিয়েই মূলত গানটি করা। আর এর মাধ্যমে প্রথমবারের মতো গানটির মিউজিক ভিডিওতেও ক্যামেরাবন্দি হয়েছেন মা ও মেয়ে।

‘প্রজাপতি’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও সংগীত করেছেন দৃপ্ত। আর মা-মেয়েকে নিয়ে দৃষ্টিনন্দন একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন চন্দন রায় চৌধুরী। গতকাল গানটি লুইপার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে লুইপা বলেন, আমার মৌলিক গানগুলোর মধ্যে ‘প্রজাপতি’ গানটি আমার নিজের কাছেই খুব বিশেষ হয়ে রবে। কারণ এটি আমার মেয়ে পায়রাকে নিয়ে করা। প্রিয় পায়রার জন্য যত্ন করে আমার সঙ্গে সবাই কাজগুলো করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার বিশ্বাস গানটি যখন শ্রোতা-দর্শক দেখবেন, তাদের নিজেদের প্রজাপতির কথা মনে পড়বে। সেই প্রজাপতির আদর-ভালোবাসায় ভাসবে।