বলিউডে কাস্টিং কাউচের প্রসঙ্গ উঠলেই সাধারণত অভিনেত্রীদের অভিজ্ঞতা সামনে আসে। তবে এ সমস্যা যে শুধু অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। এবার ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিবেশ এবং কাস্টিং কাউচ নিয়ে নিজের মত জানালেন গায়িকা শ্রেয়া ঘোষাল। তার বক্তব্য, বর্তমান সময় আগের তুলনায় কিছুটা বদলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাস্টিং কাউচ বা এই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হননি। তবে ইন্ডাস্ট্রিতে এই ধরনের সমস্যা যে রয়েছে, তা অস্বীকার করেননি গায়িকা। শ্রেয়ার কথায়, এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও একটা সময় ইন্ডাস্ট্রিতে নারীদের পথটা অনেক কঠিন ছিল।
বিশেষ করে সোশ্যাল মিডিয়া না থাকায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলেও, সেটা বাইরে আসতো না। নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন শ্রেয়া। মাত্র ১৩ বছর বয়সে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। সেই সময় কাজের জায়গায় তার সঙ্গে বাবা-মা থাকতেন।
ফলে কেউ তার সঙ্গে কোনো ধরনের অনুচিত আচরণ করার সাহস পেতেন না বলেই জানিয়েছেন গায়িকা। শ্রেয়ার বক্তব্য, তার ক্ষেত্রে পরিবারের উপস্থিতি একটা বড় সুরক্ষার জায়গা ছিল। তবে সেই অভিজ্ঞতা দিয়ে গোটা ইন্ডাস্ট্রির পরিস্থিতিকে বিচার করা যায় না বলেও জানিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে পুরুষ ও নারী শিল্পীদের পারিশ্রমিকের পার্থক্য নিয়েও কথা বলেছেন শ্রেয়া। তার মতে, বিষয়টিকে সব সময় লিঙ্গের ভিত্তিতে বিচার করা ঠিক নয়। কারণ পুরুষ শিল্পীদেরও ক্যারিয়ারের শুরুতে পারিশ্রমিক নিয়ে দর কষাকষি চলে। শ্রেয়া জানান, তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিকে বহু গান বিনা পারিশ্রমিকেও গেয়েছেন।
