সিলেটের সেই আমেরিকান কন্যার কারাদণ্ড

সিলেটের সেই আমেরিকান কন্যার কারাদণ্ড

ফন্ট সাইজ:

সিলেটে এসে বিয়ের খেলায় মেতেছিলেন আমেরিকান কন্যা মৌসুমী। পূর্বের সন্তানদের তথ্য গোপন করে নতুন করে বিয়ে করেছিলেন। বিষয়টি জানতে পেরে তার দ্বিতীয় স্বামী করেছিলেন মামলা। সেই মামলায় সাজা দেয়া হয়েছে আমেরিকান কন্যা শারমিন সুরভী মৌসুমীকে। মামলার রায়ে আমেরিকান কন্যাকে এক বছরের সাজা প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন মৌসুমী। আদালত দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা গেছে, পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে আমেরিকান কন্যা মৌসুমী জাকের আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন। কিছুদিন পর জাকের আহমেদ জানতে পারেন শারমিন এর আগেও বিবাহিত ছিলেন এবং তার সন্তানও রয়েছে।

বিষয়টি জানার পর নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন জাকের আহমেদ। ২০২১ সালের ৭ই ফেব্রুয়ারি দায়ের করা মামলার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রহমান আফজাল মানবজমিনকে জানিয়েছেন, মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাদী ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা হয়। এসব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত শারমিন সুরভী মৌসুমীকে দোষী সাব্যস্ত করেন। তিনি জানান, এ মামলায় শারমিনের পরিবারের আরও কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছিল। আদালত সার্বিক দিক পর্যালোচনা করে মৌসুমীকে সাজা প্রদান করেছেন।

মামলা দায়ের করার পর থেকে মৌসুমী পলাতক রয়েছেন। বাদীপক্ষ জানান, বিয়ের ঘটনার পর যখন আইনি প্রক্রিয়া শুরু করা হয় তখনই মৌসুমী দেশ ছেড়ে পালায়। এরপর মামলা তুলে নিতে নানাভাবে হুমকিও প্রদান করেন। সব হুমকি উপেক্ষা করে বাদী আদালতের উপর আস্থাশীল হয়ে মামলা পরিচালনা করতে থাকেন।