তারুণ্যের মেধা, শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদে তরুণ ও নতুন মুখের অংশগ্রহণ অভূতপূর্ব। সরকার ও বিরোধী দলের তরুণরা সংসদকে প্রাণবন্ত করার পাশাপাশি রাষ্ট্রের নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তরুণদের নতুন চিন্তা ও দক্ষতাকে কাজে লাগানো গেলে দেশ আরও সমৃদ্ধ হবে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভার্চ্যুয়ালি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত ‘পুসান শিক্ষাবৃত্তি-২০২৬’-এর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অধ্যাপক আব্দুস সাত্তার শিক্ষাবৃত্তি ফান্ড’-এর পৃষ্ঠপোষকতায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ শিক্ষাবৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, তারুণ্যের অদম্য শক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেশে সংঘটিত অনেক অপরাধের পেছনে মাদকের ভূমিকা রয়েছে।
শুধু আইন প্রয়োগ, পুলিশি অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদক, সহিংসতা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পুসানের কার্যক্রমের প্রশংসা করে পুতুল বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এ সময় প্রতি বছর পাঁচজন শিক্ষার্থীর বৃত্তির দায়িত্ব নেয়ার পাশাপাশি পুসানের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পুসানের সভাপতি নওশীন আশরাফি আঁচলের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাহানা বেগম শেলীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য দেন।
