কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে পালংখালী বিওপি’র বিশেষ টহল দল উলুবনিয়া ডাম্পার রোডের রুবেলের কাঠি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি’র সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দ্রুত মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে।
এ সময় বিজিবি’র সদস্যরা তাদের আটক করেন। পরে আটক দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে রুবেলের ঘেরের পানিতে পুঁতে রাখা খাকি রংয়ের প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটকরা হলো, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের সৈয়দ আকবরের ছেলে জোনায়েত (১৮) ও ইউনুসের ছেলে মিজানুর রহমান (১৮)। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।
