কুমিল্লায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার পরিচয় শনাক্তে মাঠে সিআইডি

ফন্ট সাইজ:

কুমিল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। এর আগে গত শুক্রবার সকাল ৭টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর-চরগোয়ালী সড়কের মুদ্দাফর্দি এলাকার পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাতনামা ওই নারীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যার আলামত হিসেবে পরিলক্ষিত হয়েছে। ওই নারীর শরীরের বিভিন্ন অংশে রাস্তার সঙ্গে থেঁতলানো আঘাতের চিহ্ন দেখা যায়।

ঘটনাস্থলের আশপাশে খোঁজখবর নিয়ে জানা যায় যে, অজ্ঞাতনামা ওই নারী মানসিক বিকারগ্রস্ত ছিল। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।