কিশোরগঞ্জের ভৈরবে মধ্যরাতে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল দিবাগত রাত ২টায় পৃথক অভিযানে ইউপি সদস্য আব্দুল্লাহ আল সেন্টু (৪৫) ও যুবলীগ নেতা মুর্শিদ মিয়া (৪৮)কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান। আব্দুল্লাহ আল সেন্টু উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পলতাকান্দা ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি। তিনি ওই এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে। অপর আসামি মুর্শিদ উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত ইদ্দিস মিয়ার ছেলে। তিনি শিবপুর ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সেন্টু ও মুর্শিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগে ও পরে সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদে শিমুলকান্দি এলাকা থেকে সেন্টু ও মুর্শিদকে শিবপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলা হওয়া ওই মামলায় তাদেরকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
