চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব’র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদ্যাপিত হলো। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ উদ্যাপনে সিলেটের বিভিন্ন প্রজন্মের পাঠক-শিক্ষার্থী, শিক্ষক, লেখক ও গবেষক অংশ নেন। বইটির নিবিড় পাঠ শেষে আলোচনায় তারা অভিমত ব্যক্ত করে বলেন, প্রণবকান্তি দেবের এই গ্রন্থ একইসঙ্গে ভ্রমণ, স্মৃতি, আত্মঅন্বেষণ, শিক্ষকতার অভিজ্ঞতা এবং জ্ঞানচর্চার দলিল। বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এসোসিয়েশন (বেলটা), সিলেট চ্যাপ্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।
আমেরিকান কর্নার, সিলেট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বেলটার প্রেসিডেন্ট প্রফেসর ড. আহমেদ বশির, ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রখ্যাত শিক্ষক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রামের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বেলটার জেনারেল সেক্রেটারি ড. মুহিব উল্ল্যাহ, লেখক, গবেষক মিহির কান্তি চৌধুরী, কবি ও সম্পাদক সুমন বণিক, লেখক ও গবেষক পার্থ তালুকদার এবং শিক্ষক ও সাহিত্য-সংস্কৃতি সংগঠক ঈশিতা ঘোষ চৌধুরী। প্রকাশকের বক্তব্য রাখেন অভ্র প্রকাশনের স্বত্বাধিকারী লেখক, সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা।
