হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

ফন্ট সাইজ:

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহারের ফলে টানা ৫ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। ভারতীয় ব্যবসায়ীরা জানান, সে দেশের স্থানীয় প্রশাসনের সঙ্গে বৃহস্পতিবার রাতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্ধের বিষয়ে দাবি-দাওয়া তুলে ধরা হয়।

দাবি ন্যায্যতা থাকায় প্রশাসন ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য অনুরোধ করেন, সেই আলোকে ভারতের ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার বিষয়ে মৌখিক ও পত্রের মাধ্যমে জানিয়ে দেন। শনিবার সকাল থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, ভারতীয় ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের অন্যান্য বর্ডারের মতো হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির সুযোগ চাইছিলেন। কিন্তু ভারতীয় প্রশাসন ওভারলোডিং বন্ধ করে আন্ডারলোডিং-এর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়। আন্ডারলোডিং-এর প্রতিবাদে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় তারা।