সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একইস্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকা বাইচ ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পরে উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নদীর ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪-৫ই সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ই সেপ্টেম্বর উপজেলার করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এতে উভয়পক্ষই প্রতিযোগিতায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানকে বিশেষ অতিথি করা হয়।
বিএনপি আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি’র পক্ষ থেকে ৭-৯ই সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু আমাদের মঞ্চের পাশে আরও একটি মঞ্চ তৈরি করে ৪-৫ই সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন। পরে উভয়পক্ষের লিখিত পেয়ে প্রশাসন নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দিয়ে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। জামায়াত আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, আমরা নৌকা বাইচ প্রতিযোগিতা করার প্রস্তুতি শুরু করেছিলাম।
কিন্তু প্রধান অতিথি বিদ্যুৎমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি উপস্থিত হতে পারবেন না। এই বিষয়টি বুঝতে পেরে আমাদের প্রতিযোগিতা বন্ধের জন্য বিএনপি’র পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। পরে আমরাও জামায়াতের পক্ষ থেকেও একটি অভিযোগ দিয়েছি। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, প্রতিযোগিতার বিষয়ে দুটি পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
