যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল মস্কো সফরে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাত থেকে তিন দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার মস্কোয় পৌঁছানোর পরই ক্রেমলিন এ ঘোষণা দেয়। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য তারা রাশিয়ার রাজধানীতে গেছেন।
ক্রেমলিন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে হামলা স্থগিত থাকবে। তবে এই স্থগিতাদেশ শুধু কিয়েভের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ইউক্রেনের অন্যান্য অঞ্চলের জন্য নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি কিয়েভে আমেরিকানদের যোগাযোগ ও বৈঠকের প্রস্তুতি এবং তা পরিচালনার সঙ্গে সম্পর্কিত।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারই পুতিন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। মস্কো সফরের পর উইটকফ ও কুশনার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভের কাছাকাছি দুটি বিমানবন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে বরিসপিল বিমানবন্দর, যেটি একসময় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করত।
এর আগে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প উইটকফ ও কুশনারকে “দারুণ আলোচক” হিসেবে অভিহিত করেন। ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা এটি করতে পারার ভালো একটি সম্ভাবনা হয়তো আছে।
