মাতালের হাত থেকে নারীকে বাঁচালো পথকুকুর, ভিডিও ভাইরাল

মাতালের হাত থেকে নারীকে বাঁচালো পথকুকুর, ভিডিও ভাইরাল

ফন্ট সাইজ:

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে নির্জন গলিতে এক নারীকে শ্লীলতাহানির সময় মদ্যপ এক কিশোরকে তাড়া করে সরিয়ে দিয়েছে কয়েকটি পথকুকুর। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুকুরগুলোর ভূমিকার প্রশংসা করছেন অনেকে। খবর এনডিটিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর কোয়েম্বাটোরের থুদিয়ালুর এলাকায় ঘটনা এই ঘটেছে। ওই ঘটনায় ১৬ বছর বয়সী কিশোরকে আটক করেছে কোয়েম্বাটোর সিটি পুলিশ। পরে তাকে একটি কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দৃশ্যত মদ্যপ অবস্থায় থাকা কিশোরটি এক নারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে শ্লীলতাহানি করছে। এ সময় রাস্তার কয়েকটি কুকুর তাকে ঘিরে ক্রমাগত ঘেউ ঘেউ করতে থাকে এবং তার পায়ে আঁচড় দিতে থাকে। একপর্যায়ে কুকুরগুলোর লাগাতার চিৎকারে কিশোরটি ওই নারীকে ছেড়ে দেয়। পরে কুকুরগুলো তাকে তাড়া করে সেখান থেকে সরিয়ে দেয়।

পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ভুক্তভোগী ৩০ বছর বয়সী ওই নারীর সামান্য মানসিক সমস্যা রয়েছে। ঘটনার দিন ওই নারীকে শ্লীলতাহানির আগে কিশোরটি একটি দোকানে ঢুকে আগুনও ধরিয়ে দিয়েছিল।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ৩ সেপ্টেম্বর কোয়েম্বাটোরের থুদিয়ালুর এলাকায় মদ্যপ অবস্থায় ১৬ বছর বয়সী ওই কিশোর একটি দোকানে ঢুকে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার তদন্তের সময় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ জানতে পারে, সে একজন ৩০ বছর বয়সী নারীকে শ্লীলতাহানি করেছে।
তিনি জানান, ঘটনাটি ৩ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে ঘটেছে। পুরো এই ঘটনার আরও তদন্ত চলছে।