গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শ্রীপুরের মাওনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফিরোজা বেগমসহ দুজন নিহত হন।
আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আসাদুল মারা যান। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর মারা যান নাসিমা বেগম। নিহত নাসিমা ও আসাদুল সম্পর্কে মা-ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর সড়কটিতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, কাভার্ডভ্যান চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
