থাইল্যান্ডে মাতাল অবস্থায় মারামারির ঘটনায় দুই মার্কিন সামরিক সদস্যকে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে জাহাজটি থাইল্যান্ডের পাতায়া বন্দরে অবস্থান করছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
পরিচয় প্রকাশ না করা ওই দুই মার্কিন সামরিক সদস্যকে পাতায়ায় তাদের পাঁচ দিনের অবস্থানের বাকি সময় জাহাজেই থাকার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমএস নাও জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে পাতায়ার একটি বারের কাছে দুই মার্কিন সামরিক সদস্যের মধ্যে শারীরিক সংঘর্ষের খবর দিয়ে এক থাই নাগরিক জরুরি নম্বরে ফোন করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই দুই মার্কিন নাগরিককে শহরের হার্ড রক ক্যাফেতে অবস্থিত যুক্তরাষ্ট্র-থাইল্যান্ড যৌথ কার্যক্রম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বিমানবাহী রণতরিতে ফেরত পাঠানো হয়েছে।
একজন থাই কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানান, ঘটনাটি ‘ছোটখাটো’ ছিল। তিনি বলেন, দুই সামরিক সদস্যই মদ্যপ ছিলেন এবং সংঘর্ষটি আরও বড় আকার ধারণ করতে পারে- এমন আশঙ্কা থেকেই ওই ব্যক্তি জরুরি নম্বরে ফোন করেছিলেন।
এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর কাছে মন্তব্য চাওয়া হয়েছে। তবে এতে কোনো সাড়া পাওয়া যায়নি।
প্রায় ২৮৬ দিন সমুদ্রে থাকার পর রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত বুধবার পাতায়ায় নোঙর করে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজটিতে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও মেরিনের সরবরাহ সংকট এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার খবর প্রকাশের পর রণতরিটি যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনায় আসে।
